
নিজস্ব প্রতিবেদক মোঃ লিটন ইসলামঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সাপের কামড়ে লিপি রানী রায় (২৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিপি রানী রায় ওই গ্রামের নৃপেন চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির হাঁস মুরগির ঘর (খোপড়া) পরিষ্কার করার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় এক ওঝাকে এনে বিষ নামানোর চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। প্রতিবেশীদের মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের সুপারিশ করা হয়েছে।”
Leave a Reply