
কাহারোল (দিনাজপুর): দিনাজপুরেরঃ কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী রুক্মিণী কান্তজী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
স্নানযাত্রা উপলক্ষে সকালে সোমবার মন্দির প্রাঙ্গণে মঙ্গল আরতি, বিশেষ পূজা-অর্চনা, বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভক্তিমূলক কীর্তনের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। পরে শাস্ত্রবিধি অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে পবিত্র জল, দুধ, দই, ঘি, মধু ও বিভিন্ন সুগন্ধি দ্রব্য দিয়ে মহাস্নান করানো হয়।
এ সময় হাজার হাজার ভক্ত-অনুরাগী মন্দিরে উপস্থিত হয়ে পূজা, অঞ্জলি ও প্রার্থনায় অংশ নেন। স্নানযাত্রা উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয় এবং ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের ন্যায় এবারও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে স্নানযাত্রা সম্পন্ন হয়েছে। তারা বলেন, স্নানযাত্রার মাধ্যমে ভক্তরা জগন্নাথ দেবের আশীর্বাদ লাভের প্রত্যাশা করেন। এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।
আরও খবর:বীরগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা
Leave a Reply