
হারুন অর রশিদ : গাইবান্ধা বালাসী ঘাট থেকে জামালপুরের সানন্দবাড়ী পর্যন্ত যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন ‘সবার আগে সানন্দবাড়ী’ (SAS)।
বৃহস্পতিবার (২৫ জুন) সানন্দবাড়ী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র মোঃ জুনায়েদ আল সিয়াম স্মারকপত্র পাঠ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, গাইবান্ধার বালাসী ঘাট থেকে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পর্যন্ত যমুনা নদীতে একটি সেতু নির্মাণ এই অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি। এই সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার দূরত্ব ও যাতায়াত সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে। দুই তীরের অনাকাঙ্খিত ভাঙ্গন রোধ হবে। সেই সাথে অবহেলিত অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক চিত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
বক্তারা আরও উল্লেখ করেন, এই সেতুটি শুধু দুটি জেলাকে যুক্ত করবে না, বরং এটি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি। তাই জনস্বার্থে জরুরি ভিত্তিতে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের জন্য তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিক সচেতন মহল ও‘সবার আগে সানন্দবাড়ী’ (SAS) সংগঠনের কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও খবর: গাইবান্ধায় উদ্ভূত পরিস্থিতি পরিদর্শনে এইচআরসিবিএম প্রতিনিধি দল
Leave a Reply