
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গোলাম কিবরিয়াকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরবর্তীতে তাকে রাজিবপুরে এনে আদালতের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণা সংক্রান্ত একটি মামলায় আদালত গোলাম কিবরিয়াকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর দীর্ঘদিন তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা কার্যকর করতে রাজিবপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
গত ২১ জুন ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে উত্তরা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরদিন ২২ জুন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে একজন রাজনৈতিক নেতার গ্রেফতারের ঘটনায় রাজিবপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতারণাসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান বা প্রভাবশালী পরিচয়ের আড়ালে আইনের ঊর্ধ্বে নন। অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, একটি সুশাসিত সমাজ গঠনে অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধের ধরন ও প্রমাণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারা মনে করেন, নিরপেক্ষ তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।
তবে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও খবর: বকশীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
Leave a Reply