
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ-বালাসী রুটে যমুনা নদীর ওপর ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর বাজারে বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছইম উদ্দিন, সাবেক সভাপতি হামিদুল হক, সাধারণ সম্পাদক আ. রউফ রতন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব মো. কামরুল হাসান, ছাত্রদল সভাপতি মো. শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. রউফ রতন বলেন, বাহাদুরাবাদ-বালাসী রুটে ২য় যমুনা সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ সেতু নির্মিত হলে রংপুর বিভাগের আটটি জেলা এবং ময়মনসিংহ বিভাগের তিনটি জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে।
বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ছইম উদ্দিন বলেন, যমুনা নদীর ওপর প্রথম সেতু নির্মাণের প্রাথমিক প্রস্তাবনা ছিল বাহাদুরাবাদ-বালাসী রুটে। কিন্তু পরবর্তীতে সেই পরিকল্পনা পরিবর্তন করে টাঙ্গাইল-সিরাজগঞ্জ এলাকায় যমুনা সেতু নির্মাণ করা হয়। ফলে উত্তরাঞ্চলের বিপুল জনগোষ্ঠী এখনও প্রত্যাশিত যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বাহাদুরাবাদ-বালাসী সেতু নির্মাণের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছেন এবং সরকারের সংশ্লিষ্ট মহলে এ প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরছেন। তাঁর হাত ধরেই ২য় যমুনা সেতু দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ থেকে ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট পর্যন্ত স্থাপিত হবে আমরা প্রত্যাশা করি।
আরও খবর: মাদক, ইভটিজিং ও সাইবার অপরাধ রোধে সলঙ্গায় পুলিশের কঠোর বার্তা
Leave a Reply