
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের খবরে কিশোরগঞ্জে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষে সাবেক ১নং সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতা আব্দুর রহমান রাজিবের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বের হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন শোভা পায়। একই সঙ্গে নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
মিছিলের প্রাণচাঞ্চল্য, নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানের ধ্বনিতে শহরের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেক পথচারীও মিছিলটি উপভোগ করেন এবং নতুন কমিটির প্রতি শুভকামনা জানান।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হওয়ায় তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, নবগঠিত নেতৃত্ব সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তুলবে।
আয়োজক আব্দুর রহমান রাজিব বলেন, “যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন সংগঠনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ। নতুন নেতৃত্বের মাধ্যমে যুবসমাজকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠন তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কার্যকর অবদান রাখবে।”
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সফলতা কামনা করা হয়। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আরো পড়ুনঃ ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী শাশুড়ি চাচীসহ ৪ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ
Leave a Reply