
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: অসহায় মানুষের পাশে ইসলামীক রিলিফ বাংলাদেশ ও জি ইউ এস পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের চর রাজিবপুর ও চিলমারী উপজেলার অসহায়,
হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়েছে। সীমান্তবর্তী ও দুর্গম চরাঞ্চলের দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইসলামীক রিলিফ বাংলাদেশ।
স্থানীয় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান “গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস)” এর মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়।
গত ২৯ – ৩০ ও ৩১ মে ২০২৬ তারিখে ৩ দিন ব্যাপি রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার চিলমারী সদর, অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্র পরিবারের মাঝে এই গোশত বিতরণ করা হয়। ঈদের পরপরই এ কার্যক্রম পরিচালিত হওয়ায় চরাঞ্চলের বহু পরিবার কিছুটা স্বস্তি ও আনন্দ অনুভব করেন।
আয়োজক সূত্রে জানা যায়, ইসলামীক রিলিফ বাংলাদেশের অর্থায়নে মোট ৯৪টি গরু কোরবানি করা হয়। এসব গরুর মাংস প্রায় ৩ হাজার ২৯০ টি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে প্রায় ২ কেজি করে গোশত প্রদান করা হয়। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে সম্পূর্ণ বিনামূল্যে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
চরাঞ্চলের অনেক পরিবার রয়েছে যারা সারা বছরেও একবার ভালোভাবে মাংস খাওয়ার সুযোগ পায় না। ঈদের এই সময়ে কোরবানীর গোশত পেয়ে অসহায় মানুষদের মাঝে দেখা যায় আনন্দ ও স্বস্তির অনুভূতি। অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন ইসলামীক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি জনাব মোঃ আঃ করিম ফকির, রাজিবপুর থানা পুলিশের সদস্যবৃন্দ, এসআই মোঃ শাকিল ইসলাম, কনস্টেবল মোঃ আইনুল ইসলাম, গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস)-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আঃ লতিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। বিশেষ করে নদীভাঙন ও দারিদ্র্যপীড়িত চরাঞ্চলের মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়রা জানান, প্রতিবছর ঈদের সময় এমন সহায়তা পেলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়। চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরও মানবিক উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মত দেন তারা।
কোরবানীর গোশত বিতরণের মাধ্যমে ইসলামীক রিলিফ বাংলাদেশ ও গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) আবারও প্রমাণ করেছে—মানবতার সেবাই তাদের মূল লক্ষ্য। দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আরও খবর: রাজিবপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
Leave a Reply