
নিজস্ব প্রতিবেদক:
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন কার্যক্রম জোরদার এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ (ক্রাইম) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সদস্য, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা, পেশাগত সমস্যা ও কর্মপরিবেশ নিয়ে আলোচনা করা হয়। এ সময় সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা গেলে জনগণকে আরও উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে।
এদিকে অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিগত মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কৃতিত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের প্রশংসা করা হয় এবং শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত আইনি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন
Leave a Reply