
নিজস্ব প্রতিনিধি:তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৪৪ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিনযুক্ত মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঢাকা মহাসড়কের সুইচ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মুছা আলীর নির্দেশনায় একটি বিশেষ টিম অভিযান চালায়। এসময় চর রাজিবপুর বটতলা এলাকা থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সিএনজিতে থাকা সন্দেহভাজনদের কাছ থেকে ১৪৪ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন সমৃদ্ধ ই-স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার সরদার পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে এমদাদুল হক মানিক এবং একই এলাকার আরিফ ব্যাপারীর ছেলে মোঃ রাকিব।
রাজিবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রাজিবপুর এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান প্রশংসনীয়। তারা আশা করছেন, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে এবং যুব সমাজ এ ভয়াবহ নেশার হাত থেকে রক্ষা পাবে।
আরও খবর: পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
Leave a Reply