
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: রাজিবপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ জানুয়ারি সকাল ১১টায় পিএসএফ এর উদ্ধোগে রাজিবপুর কিন্ডার গার্টেন এর আয়োজনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসএফ বৃত্তি পরীক্ষার যুগ্ম সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক রেজাউল করিম। এ সময় আরো বক্তব্য রাখেন, সমাজসেবক আলহাজ্ব ফরিদ উদ্দিন ডিলার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়। তারা আরও বলেন, কিন্ডার গার্টেন পর্যায় থেকেই শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
প্রধান অতিথি আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, “বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অপরিসীম। নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে রাজিবপুর উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় এবং উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
আরও খবর : যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলার মূল শুটার ত্রিদিব আটক
Leave a Reply