
মোঃ আব্দুস সামাদ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫) হত্যা মামলার পলাতক আসামি রফিকুল ইসলাম সোম (৫৫)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
রোববার রাতে ঝিনাইদহ শহর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে র্যাব তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সেকেন্দার আলী লাল মিয়া ছিলেন হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নারায়নপুর গ্রামের মৃত আবু বক্কার বিশ্বাসের ছেলে। আর গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম সোম ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল কুদ্দুসের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুলাই গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সেকেন্দার আলী। এরপর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ দুই বছর পর, ২০১৮ সালের ২ আগস্ট কালীগঞ্জ উপজেলার কড়াইতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে নিহতের বোন মোছা. মনিরা খাতুন কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, “র্যাব কর্তৃক আটক রফিকুল ইসলাম সোমকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
আরও পড়ুনঃ ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের ।
Leave a Reply