
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
“মায়ের দুধ, শিশুর অধিকার—সুস্থ জীবনের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মোঃ মামুন অর রশীদ। তিনি বলেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ পান করানো শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিশুর দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোজাহিদুল ইসলাম বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সর্বোত্তম ও নিরাপদ খাদ্য। এটি শিশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা প্রদান করে। তিনি মাতৃদুগ্ধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও সমাজের সকলকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিটি নবজাতকের মাতৃদুগ্ধ পাওয়ার অধিকার নিশ্চিত করা। তিনি স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে জনগণকে আরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মাতৃদুগ্ধের উপকারিতা, নবজাতকের সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের মাঝে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
আরও পড়ুন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি
Leave a Reply