
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে একটি হত্যা মামলার আসামি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়েই মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী মোঃ আল-আমিন নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩০৮) করেছেন।
জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি থানার একটি হত্যা মামলার (মামলা নং- ১৪, তারিখ: ১৪/০৪/২০২৬) এজাহারনামীয় ৩নং আসামি খাগড়াখানা গ্রামের মোঃ রাজ্জাক সিকদার গত ৫ জুলাই হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়। জামিনে আসার পরদিনই ৬ জুলাই সকালে মুখিয়া বাজার এলাকায় প্রকাশ্যেই মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং মামলা না তুললে খুন-জখমের হুমকি দেয়।
স্থানীয়দের অভিযোগ, জামিনে মুক্ত হওয়া রাজ্জাক সিকদার এলাকায় চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার এমন হুমকিতে মামলার বাদী ও সাক্ষীদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জিডির প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।
Leave a Reply