
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সারাংপুর বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মীর আবুল কালাম আজাদ রতন।
সভা পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা, বিদ্যালয়ের সংযোগ সড়ক নির্মাণ, খেলার মাঠের সংস্কার, বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার চলমান নির্মাণকাজের অগ্রগতি এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও মতামত উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে মীর আবুল কালাম আজাদ রতন বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, এডহক কমিটি বিদ্যালয়ের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে কাজ করবে এবং প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সকলের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।
সভায় উপস্থিত সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এডহক কমিটির অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply