
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সংগঠনটির ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সদর এলাকায় ছাত্রলীগের একটি আকস্মিক মিছিল বের হওয়ার ঘটনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরবর্তীতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় ঝটিকা মিছিল, উসকানিমূলক কার্যক্রম এবং নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কাঞ্চন মিয়া (৫০), জাভেদ রানা ওরফে রাজেন (৫২), আতিকুজ্জামান আশিক (৩২), কাঞ্চন (৪২), আশরাফুল ইমাম শরীফ (৪০), আহসানুল্লাহ খান (২৭), আবু রায়হান লোবান (৪০) এবং দীপ্ত পাল ওরফে এসডি পাল এফ (২৮)।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূইয়া জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের একাংশ মনে করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন শ্রীপুরে আর্জেন্টিনা সমর্থকদের জন্য ডা: আবু শোয়াইবের অভিনব অফার!
Leave a Reply