
ষ্ট্যাফ রিপোর্টার,
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করে খেলাধুলামুখী সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আবহ। মাঠের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সী হাজারো দর্শক। খেলার শুরু থেকেই দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
ফাইনালে শক্তিশালী দুরন্ত স্পোর্টিং ক্লাব এবং তরুণ সংঘ একে অপরের মুখোমুখি হয়। রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ের হাসি হাসে তরুণ সংঘ, যারা টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।
খেলার উদ্বোধন করেন বিন্নাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর বারিক কোকন। তিনি বলেন, যুবসমাজকে সুস্থ ও সুশৃঙ্খল রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। খেলাধুলা তরুণদের মধ্যে দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণদের বিপথগামিতা রোধে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। একটি মাদকমুক্ত ও উন্নত সমাজ বিনির্মাণে নিয়মিত ক্রীড়া আয়োজনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম চপল, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ (সাদাম), সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অনিফ হাসান জান্নাতুল, সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া উপস্থিত ছিলেন মোবারক হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন; হুমায়ুন কবীর মিল্লাতি, পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানা; মো. আশিকুর রহমান তানভীর, নির্বাহী অফিসার, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এবং অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্টের ধারাভাষ্য প্রদান করেন আনোয়ার পাশা, মাওলানা আবু হানিফ ও আল মামুন। তাদের প্রাণবন্ত বর্ণনায় খেলার উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
আয়োজকরা জানান, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন। তারা বলেন, “যুব সমাজকে সুস্থ ধারায় রাখতে প্রতিবছর আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর আয়োজনে এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্ট স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। জমকালো সমাপনী আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
Leave a Reply