
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায়,ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলো। রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়,এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। একই সঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান থানা পুলিশ।
আরো পড়ুনঃ নাগরপুরে মরহুম শিক্ষক আব্দুল হাকিম মিয়ার পরিবারকে অবসর ভাতার অর্থ প্রদান
Leave a Reply