
কিশোরগঞ্জ প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং পারস্পরিক ঐক্য জোরদারের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা শফিকুল আলম শিপলু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (ভিপি সুমন) এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি মো. দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফরিদ আহম্মেদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জোনায়েদ হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রাজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সাংবাদিকগণের মধ্যে
বক্তারা বলেন, গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। পেশাগত নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই জোরদার করা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। তরুণ সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন বাড়ানোর দাবি তুলে ধরা হয় এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও আধুনিক গান, কবিতা আবৃত্তি এবং নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরিবার-পরিজনসহ বিপুল দর্শকের উপস্থিতিতে বিজয় চত্বরজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
Leave a Reply