
নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত বর্ডার হাটটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন শত শত পরিবার।
হাটকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও নানা ধরনের ছোটখাটো পেশার সঙ্গে জড়িত মানুষগুলো এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বালিয়ামারী-কালাইয়েরচর সীমান্তে অবস্থিত এই বর্ডার হাটটি চালু থাকাকালে সপ্তাহে দুই দিন বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে বেচাকেনা হতো। এতে স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, হস্তশিল্পী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। হাট বন্ধ হয়ে যাওয়ায় সেই আয়ের পথও বন্ধ হয়ে গেছে।
২০১১ সালের ২৩ জুলাই রাজিবপুরের বালিয়ামারী ও ভারতের মেঘালয়ের কালাইয়েরচর সীমান্তে বর্ডার হাটটি চালু হয়। নির্ধারিত নিয়মে প্রতি সপ্তাহে সোমবার ও বুধবার হাট বসত। এখানে সীমান্ত এলাকার উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য কেনাবেচার সুযোগ ছিল।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন হাট বন্ধ থাকায় তাদের পুঁজি আটকে আছে। অনেকে ধারদেনা করে ব্যবসা শুরু করেছিলেন। এখন হাট বন্ধ থাকায় সেই ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। শুধু ব্যবসায়ী নয়, হাটকে ঘিরে পণ্য পরিবহন, ভ্যান-রিকশা, নৌযান ও অন্যান্য ছোটখাটো কাজের সঙ্গে জড়িত পরিবারগুলোও আয়-রোজগার হারিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তবর্তী এই দরিদ্র জনপদের মানুষের জন্য বর্ডার হাটটি ছিল গুরুত্বপূর্ণ একটি কর্মসংস্থানের ক্ষেত্র। দ্রুত হাটটি চালু করা হলে ব্যবসায়ীরা যেমন ঘুরে দাঁড়াতে পারবেন, তেমনি কর্মহীন পরিবারগুলোর মধ্যেও স্বস্তি ফিরবে।
এর আগে হাটটি দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে ব্যবসায়ী ও স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। ২০২৪ সালেও রাজিবপুরে বর্ডার হাট চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
স্থানীয়দের দাবি, বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে দ্রুত বর্ডার হাটটি চালুর উদ্যোগ নেবে। একই সঙ্গে হাটের নিরাপত্তা, অবকাঠামো ও ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করে নিয়মিত কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা—দীর্ঘদিনের বন্ধ্যত্ব কাটিয়ে আবারও বালিয়ামারী বর্ডার হাটে ফিরবে প্রাণচাঞ্চল্য, আর কর্মহীন পরিবারগুলোর ঘরে ফিরবে স্বচ্ছলতা।
আরও খবর: দিনাজপুরে নদীতে গোসলের সময় দুই কিশোরী নিখোঁজ একজনের ম,রদেহ উদ্ধার
Leave a Reply