
মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান বক্তার বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম তরুণ সমাজকে ন্যায়, সততা ও আদর্শভিত্তিক রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক নেতৃত্ব ছাড়া দেশের টেকসই পরিবর্তন সম্ভব নয়। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কল্যাণমুখী রাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। এরপর তিনি দিনাজপুর-৬ আসনের মানুষের কল্যাণে প্রণীত ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, তিনি প্রায় চার দশক ধরে ইসলামী আন্দোলন ও সমাজকল্যাণমূলক রাজনীতির সঙ্গে যুক্ত। জন্মসূত্রে তিনি হাকিমপুর উপজেলার দেবখন্ডা গ্রামের সন্তান। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করতে গিয়ে বারবার দমন-পীড়নের শিকার হলেও জনগণের অধিকার আদায়ের পথ থেকে তিনি কখনো সরে আসেননি।
ঘোষিত ইশতেহারে বিরামপুর জেলা বাস্তবায়ন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, ফ্লাইওভার ও বাইপাস নির্মাণ, নদী শাসন, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, কৃষি ও শিল্পায়ন, শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা, সাংবাদিক ও শ্রমিক কল্যাণসহ মোট ২৬ দফা বাস্তবভিত্তিক উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
তিনি বলেন, “দিনাজপুর-৬ আসনের উন্নয়ন মানেই ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও ভবিষ্যতের রাজনীতি করতে চাই। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটি দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”
জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনসভাটি অনুষ্ঠিত হয়।
Leave a Reply