
সামরুল হক,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার মালিরচর হাজীপাড়া বিল থেকে মোসা. রোকেয়া (৫০) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকেয়া বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া মাঝপাড়া গ্রামের বাসিন্দা এবং আজিজুল হকের স্ত্রী। তিনি বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রনির চাচী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মালিরচর হাজীপাড়া গ্রামের বিলের ধারে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোকেয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার বিকেল ৩টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বিলের পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটন এবং প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সকল দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আরও খবর: কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত
Leave a Reply