
আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শস্যবাহী ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পার্থ বর্মন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
গত ২৯ আগস্ট শনিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পার্থ বর্মন ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ভারত চন্দ্র বর্মনের ছেলে সৌরভ চন্দ্র বর্মন (২২) এবং ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাকেশ বর্মন (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢোলারহাট বাজার এলাকায় একটি শস্যবাহী মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পার্থ বর্মন মারা যান। খবর পেয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সৌরভ ও রাকেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৬ আহত
Leave a Reply