
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ সড়কগুলো।
বিশেষ করে বটতলা থেকে উপজেলা সদর যাওয়ার পথে বটতলার পশ্চিম পাশে বড় পুকুরপাড় সংলগ্ন সড়কটির বেহাল অবস্থা এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার কাজ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে সড়কটি। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক সময় জরুরি প্রয়োজনে মানুষজনকে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে হয়।
এলাকাবাসী জানান, শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা বা হালকা বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় হয়ে পড়ে। বিশেষ করে মোটরসাইকেল ও ভ্যানচালকদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেকেই রাস্তায় পিছলে পড়ে আহত হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
একাধিক ভুক্তভোগী বলেন, “এই রাস্তাটা আমাদের প্রধান যাতায়াতের পথ। কিন্তু বৃষ্টি হলেই আমরা ঘরবন্দী হয়ে পড়ি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঠিকমতো যেতে পারে না, রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।”
স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয়দের জোর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত রাস্তাটির সংস্কার কাজ হাতে নিয়ে জনগণের চলাচলের উপযোগী করে তোলে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পাবে।
সচেতন মহল মনে করছেন, জনস্বার্থে জরুরি ভিত্তিতে এই সড়কটির সংস্কার করা এখন সময়ের দাবি। স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই পারে এলাকাবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে।
আরও খবর: বকশীগঞ্জে ভটভটির ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত, ময়মনসিংহে স্থানান্তর
Leave a Reply