
নিজস্ব প্রতিনিধি:তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অবস্থিত একমাত্র সরকারি হাসপাতালটি আজ যেন এক আতঙ্কের নাম—স্থানীয়দের ভাষায় এটি এখন “ভূতের বাড়ি”।
চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা তো দূরের কথা, প্রতিনিয়ত পড়ছেন নতুন নতুন দুর্ভোগে। দুর্গম চরাঞ্চল থেকে আসা হতদরিদ্র মানুষের জন্য এই হাসপাতালই একমাত্র ভরসা, কিন্তু বাস্তবতা অত্যন্ত করুণ।
সবচেয়ে বড় সমস্যা বিদ্যুৎ সংকট। প্রচণ্ড গরমের এই সময়ে দিনে-রাতে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে। বাকি সময় পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে থাকে। এতে করে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিকল্প ব্যবস্থা হিসেবে প্রায় দুই বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি সোলার সিস্টেম স্থাপন করা হলেও সেটি এখন কার্যত অকার্যকর। নামমাত্র এই সোলার ব্যবস্থা থেকে কোনো ধরনের সুবিধা মিলছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সারোয়ার জাহান জানান,
“আমি বারবার উপজেলা প্রশাসনকে সোলার সিস্টেমটি মেরামতের জন্য জানিয়েছি, কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”
বিদ্যুতের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। রাতের অন্ধকারে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। অনেক সময় জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে।
অন্যদিকে হাসপাতালটিতে রয়েছে তীব্র জনবল সংকট। যেখানে ২৩ জন চিকিৎসক থাকার কথা, সেখানে কর্মরত আছেন মাত্র ৯ জন। নার্স থাকার কথা ৩০ জন, কিন্তু আছেন মাত্র ২০ জন। অন্যান্য পদেও একই চিত্র—মোট জনবলের মাত্র ৪৬ শতাংশ রয়েছে, বাকি পদগুলো শূন্য।
এছাড়াও চিকিৎসা সরঞ্জামের অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। হাসপাতালে থাকা পুরনো একটি এনালগ এক্স-রে মেশিনটিও বর্তমানে অকেজো। ফলে রোগ নির্ণয়ে মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে।
সব মিলিয়ে রাজিবপুর হাসপাতাল এখন অব্যবস্থাপনা, অবহেলা ও সংকটের এক ভয়াবহ চিত্র। রাতে বিদ্যুৎ না থাকায় রোগীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল ভবন। অন্ধকার, গরম আর চিকিৎসা সংকটে মানুষ যেন মানবেতর জীবন যাপন করছে এখানে।
স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান, সোলার সিস্টেম সচল করা, জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে হাসপাতালটির সেবার মান উন্নয়ন করা হোক। অন্যথায় এই হাসপাতাল মানুষের আশ্রয়স্থল না হয়ে আতঙ্কের কেন্দ্র হিসেবেই থেকে যাবে।
আরও খবর: বাসন থানায় বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় ১১ জন গ্রেফতার
Leave a Reply