নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের সিলেটপাড়া গ্রামে এক হৃদয়বিদারক শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আব্দুল আজিজ ঘোড়াওয়ালার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে মোহনগঞ্জ ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের শফিকুল ইসলামের ১১ বছর বয়সী ছেলে জাকারিয়া ইসলাম খেলতে খেলতে একই গ্রামের আব্দুল আজিজ ঘোড়াওয়ালার বাড়ি থেকে কাউকে কিছু না বলে একটি ছোট সাউন্ড বক্স নিয়ে পাশের বাঁশ বাগানে যায়।
বিষয়টি জানতে পেরে অভিযুক্ত আব্দুল আজিজ ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ডেকে নেন।
অভিযোগ রয়েছে, পরে তিনি শিশুটিকে একটি সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে নির্যাতনের তীব্রতায় শিশু জাকারিয়া অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রাজিবপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গত ২৭ ডিসেম্বর শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে শারীরিক ও মানসিকভাবে চরম আতঙ্কে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৭ ডিসেম্বর বিকেলে এলাকার তরুণ সমাজের উদ্যোগে মোহনগঞ্জ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী শিশুটির পরিবার, স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিশুটির বাবা শফিকুল ইসলাম বলেন,
“আমার ছেলে কোনো বড় অপরাধ করেনি। একটি খেলনা নিয়ে যাওয়ার জন্য যদি এমন নির্মম নির্যাতন করা হয়, তাহলে সমাজে আমাদের শিশুদের নিরাপত্তা কোথায়? আমি আমার সন্তানের ওপর হওয়া নির্যাতনের সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের ওপর এ ধরনের অমানবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.