
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর রাজিবপুর বটতলায় অবস্থিত বন্ধন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওয়ালটন প্লাজার উদ্যোগে সারা দেশের ন্যায় একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় শুরু হওয়া এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাজিবপুরেও এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত চরাঞ্চল থেকে আসা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগলেও আর্থিক সংকটের কারণে অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এমন পরিস্থিতিতে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।
চরাঞ্চল থেকে আগত রোগীরা জানান, দূর-দূরান্ত থেকে এসে তারা বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা পেয়েছেন। এতে তারা অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত। অনেকেই বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে যাবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
স্থানীয়রা জানান, রাজিবপুরের চরাঞ্চলের মানুষ নানা কারণে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাই বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, ওয়ালটন প্লাজার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
আরও খবর : গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ
Leave a Reply