
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় কৃষিজমিতে অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি, কৃষিজমি ও গ্রামীণ সড়কের ক্ষতিসাধন এবং জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মিজান (৩১) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৪ জুন ২০২৬) উপজেলার সরকারপাড়া এলাকায় পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারপাড়া এলাকার কয়েকটি কৃষিজমি থেকে এক্সকাভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এতে আবাদযোগ্য কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি জমির শ্রেণি পরিবর্তন হচ্ছিল। এছাড়া ভারী যন্ত্রপাতি চলাচলের কারণে স্থানীয় সড়কেরও ব্যাপক ক্ষতি হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে প্রশাসনের নজরে আসে।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ মাটি কাটার সত্যতা পায়। এ সময় কৃষিজমি থেকে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তি মিজানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় মিজানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে কৃষিজমির ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।
Leave a Reply