
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি উমান মিয়াকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ৯টার দিকে ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরব থানা এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে মাদক চোরাচালান ও বিক্রির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে।
তদন্তে ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বে প্রায় দুই শতাধিক চেইন মাদক কারবারি সক্রিয় ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি বেশ কিছুদিন ধরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, অবৈধ মাদক ব্যবসার বিপুল অর্থ দিয়ে উমান মিয়া এলাকায় একটি পাঁচতলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও শেষ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন তিনি।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ভৈরব থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ সফল অভিযান পরিচালিত হয়েছে।
Leave a Reply