
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ৭১-এর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
ভোর হতে না হতেই শহিদ মিনারে ফুলের তোড়া হাতে মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও নাগরিক সংগঠনের অংশগ্রহণে রাজিবপুর শহিদ মিনার পরিণত হয় শ্রদ্ধা ও স্মৃতির মিলনমেলায়।
দিবসের শুরুতেই উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি রাজিবপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় “৭১-এর চেতনা ভুলি নাই, ভুলবো না”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একইভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে শাহ আলমের নেতৃত্বে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে তারা জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে রাজিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহিদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মণ্ডল। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মহান বিজয় দিবসের এই আয়োজন রাজিবপুরে স্বাধীনতার ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আরও দৃঢ়ভাবে ধারণ করার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে তোলে।
Leave a Reply