
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের মোল্লা পাচুরিয়া গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ নৌবাহিনীর মাস্টার চিফ (সিডি) কামরুজ্জামান (৫৪) দায়িত্ব পালন করতে গিয়ে কাপ্তাই লেকে বোট দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তিনি শাহজাহান মিয়ার বড় ছেলে। দীর্ঘ প্রায় ৩৪ বছরের গৌরবময় কর্মজীবনের পর আর মাত্র ছয় মাসের মধ্যেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা যায়, গত ৩১ জুলাই দুপুর প্রায় ১টার দিকে রাঙামাটির কাপ্তাই লেকে দায়িত্ব পালন ও প্রশিক্ষণ চলাকালে একটি সিঙ্গেল স্ক্রু বোটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্টিয়ারিং হুইল পোর্টে লক হয়ে যাওয়ায় বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে দ্রুত ঘুরতে থাকে। বোট পরিচালনাকারী লিডিং সিডি পানিতে লাফিয়ে তীরে উঠে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।
প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, বোটের জ্বালানি শেষ হলে সেটি থেমে যাবে এবং তখন উদ্ধার করা হবে। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে মাস্টার চিফ কামরুজ্জামান কয়েকজন সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান। একপর্যায়ে তিনি একাই ঘূর্ণায়মান বোটে ওঠার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পানিতে পড়ার পর কিছু সময় তিনি বোটের পাশে ধরে থাকার চেষ্টা করেন। কিন্তু বোটটি দ্রুত ঘুরতে থাকায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তিনি বোটের নিচে তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, বোটের প্রোপেলার বা রাডারের আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে বোটের জ্বালানি শেষ হলে সেটি থেমে যায় এবং নিরাপদে তীরে আনা হয়। কিন্তু তখনও কামরুজ্জামানের কোনো সন্ধান মেলেনি। সারারাত অনুসন্ধানের পর ১ আগস্ট সকালে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল কাপ্তাই লেক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ নৌবাহিনী হাসপাতালের মর্গে নেওয়া হয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়।
কামরুজ্জামানের মৃত্যুতে নাগরপুরের গয়হাটা ইউনিয়নের মোল্লা পাচুরিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও সহকর্মীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত সৎ, সাহসী, দায়িত্বশীল ও নিষ্ঠাবান একজন নৌসেনা কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে সততা, পেশাদারিত্ব ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
এদিকে, এ দুর্ঘটনাকে কেন্দ্র করে নৌযানের নিরাপত্তা ব্যবস্থা, যান্ত্রিক ত্রুটি মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমের কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিহত কামরুজ্জামানের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন ঝিনাইগাতীতে আদালতের নির্দেশেও জমিদখলে যেতে পারছে না ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের এক নারী।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.