গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সভাপতি ও আসন্ন ৪ নং জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রত্যাশী শফিজল ইসলাম সম্প্রতি একটি দলীয় আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে একটি শব্দ উচ্চারণকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের বিষয়ে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিজল ইসলাম বলেন, দলীয় এক আলোচনা সভায় তিনি বলতে চেয়েছিলেন, “জয় হোক সাদুল্লাপুরবাসীর, জয় হোক জামালপুর বাসীর জয় হোক এনসিপির।” কিন্তু বক্তব্যের ধারাবাহিকতায় অসাবধানতাবশত মুখ ফসকে ভিন্ন একটি শব্দ উচ্চারিত হয়। এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এর সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ, মতাদর্শ কিংবা দলীয় অবস্থানের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি তিনি সম্পূর্ণ আস্থাশীল। দল প্রতিষ্ঠার পর থেকেই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শফিজল ইসলামের দাবি, আসন্ন ৪ নং জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর একটি মহল তাঁর ওই অনিচ্ছাকৃত উচ্চারণকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, একটি মুহূর্তের অনিচ্ছাকৃত ভুলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাখ্যা করা দুঃখজনক। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হয়ে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা করতে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেন।
সংবাদ সম্মেলনে তিনি পুনরায় বলেন, তাঁর বক্তব্যে কেউ আহত বা বিব্রত হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি তিনি দলীয় নেতৃত্বের প্রতি নিজের আনুগত্য পুনর্ব্যক্ত করে সংগঠনের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও শফিজল ইসলাম বিষয়টিকে একটি অনিচ্ছাকৃত ভাষাগত ভুল হিসেবে উল্লেখ করে এর ভুল ব্যাখ্যা না দেওয়ার আহ্বান জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.