হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হরিপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।
সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে ১৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৬টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। প্রকল্পের অর্থ আত্মসাৎ, কাজ শুরুর আগেই অর্থ উত্তোলন, প্রকল্পের সভাপতিদের না জানিয়ে অর্থ লেনদেন কিংবা সভাপতিদের নামে চেক ইস্যু করে অর্থ নিজের নিয়ন্ত্রণে রাখার যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, "আমি সদস্য সচিব হতে পারি, কিন্তু কোনো প্রকল্পের অর্থ আমার নামে উত্তোলনের সুযোগ নেই। প্রকল্পের সভাপতি, চেয়ারম্যান ও সদস্যদের নামেই চেক ইস্যু করা হয়। আমার নামে তো কোনো চেক হয় না।
তাহলে আমি কীভাবে প্রকল্পের টাকা উত্তোলন বা আত্মসাৎ করতে পারি? আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।"
তিনি আরও বলেন, প্রকল্পের সকল কার্যক্রম সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হয়েছে। তিনি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন। বিষয়টি নিয়ে যে কোনো নিরপেক্ষ তদন্তকে তিনি স্বাগত জানাবেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন।
মাসুদ রানা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ ১৮টি প্রকল্পের সকল সভাপতি উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হরিপুর উপজেলার ১৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৬টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মাসুদ রানার বিরুদ্ধে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিভিন্ন তথ্য প্রচার করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আরও খবর: রাউজানের চিকদাইরে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.