
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি পাহাড়ি জনপদ। অন্যদিকে লামা ও আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে কক্সবাজারে বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনায় সমন্বিত উদ্যোগের ঘোষণা দিয়েছে বিভিন্ন মানবিক সংগঠন।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সানাসে প্রু পাড়ার একটি গুরুত্বপূর্ণ সেতু পাহাড়ি ঢলে ভেঙে পড়ায় এলাকার সঙ্গে বাইরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে ইউনিয়নের বাগমারা পূর্ব পাড়া ও বগ পাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা জানান, ভেঙে যাওয়া সেতুটি ছিল সানাসে প্রু পাড়ার মানুষের একমাত্র যাতায়াতের পথ। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করতেন। সেতু ধসে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য উবাপ্রু মারমা দ্রুত সেতু পুনর্নির্মাণ অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বলেন, তা না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।
এদিকে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্দা পাড়ায় বন্যার পানিতে ২১টি বসতবাড়ি প্লাবিত হয়ে প্রায় ৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতির খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন গজালিয়া আর্মি ক্যাম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করে। পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
অন্যদিকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৫৭০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাহেদীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ঢাকায় অনুষ্ঠিত এক জরুরি সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সমাজসেবক ও মানবিক সহায়তাকর্মীরা অংশ নেন। সভায় বন্যাদুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন সামগ্রীসহ জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় HELP Cox's Bazar-এর সহযোগিতায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয় এবং দেশ-বিদেশের দাতা সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তিদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।
আরও পড়ুন নড়াইলে বর্ষা নামলেই বিচ্ছিন্ন গ্রামীন জনপদ, কাঁচা রাস্তায় চলাচলে ভোগান্তি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.