
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল কামারপাড়া এলাকার একটি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন (৪২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা। তিনি পিকআপ ভ্যানটি চালিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুরগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপে আটকে পড়া চালকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মহাসড়কে বিকল যানবাহন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, পর্যাপ্ত সতর্কীকরণ সংকেতের অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়ার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা মহাসড়কে বিকল যান দ্রুত অপসারণ, প্রতিফলকযুক্ত সতর্কীকরণ চিহ্ন ও ব্যারিকেড ব্যবহার, নিয়মিত টহল জোরদার এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।
আরও পড়ুন বিপর্যয়ের সময় মানবিক দৃষ্টান্ত স্থাপন করল আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.