
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। এতে সমাপনী স্থিতি থাকবে ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা।
রাজস্ব ব্যয়ের উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন বাবদ ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ২৫ লাখ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লাখ টাকা। এছাড়া পানি সরবরাহসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন খাতে মোট ৮ কোটি ৭০ লাখ টাকার আয় ও ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রকল্প ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৫০ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন বরাদ্দ ২০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ বাবদ ৫০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে উন্নয়ন ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ৫ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি, বাউন্ডারি ওয়াল ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন বলেন, “পৌরবাসীকে উন্নত নাগরিক সুবিধা প্রদান এবং একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমে লামা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা হবে।”
তিনি বাজেট বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।
আরও পড়ুন সাংবাদিক জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে গেলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.