
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক ও ৮ মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৮ জুন) দুপুর ২টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়া উপজেলার মরিচ্ছা ২ নম্বর ওয়ার্ডের পাগলিরবিল এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), যিনি দুর্ঘটনাকবলিত বাসের চালক ছিলেন। অপর নিহত ব্যক্তি লামা উপজেলার বানিয়ারছড়া ফাইতং এলাকার মঞ্জুর আলমের ৮ মাস বয়সী শিশু পুত্র মোহাম্মদ ইয়াহিয়া।
প্রত্যক্ষদর্শী ও মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুজ্জামান জানান, কক্সবাজারগামী চকরিয়া সার্ভিস পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা এভারগ্রিন পরিবহনের একটি বাস মেধাকচ্ছপিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় বাস দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মো. মাহাবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই এক শিশু ও বাসচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্ক যানচালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে কঠোর নজরদারি ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.