মোঃ আশরাফুল হক বাবু: নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর-পাচুরিয়া গ্রামে।
ভুক্তভোগী নারী একই গ্রামের আবুল হাসেমের মেয়ে। এ ঘটনায় তার মা রোজিনা বেগম বাদী হয়ে ওই রাতেই নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রোজিনা বেগম তার প্রতিবন্ধী কন্যাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে ধানের খোলায় কাজ করছিলেন। কিছু সময় পর মেয়েটি ধান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পরে ফিরতে দেরি হলে মা তাকে খুঁজতে বের হন।
এ সময় বাড়ির পাশের জমির আইলে প্রতিবেশী সাজ্জাদের ছেলে মো. শাকিব (২২)-কে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করতে দেখেন বলে অভিযোগ করেন তিনি। পরে অভিযুক্ত শাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মামলার বাদী রোজিনা বেগম জানান, অভিযুক্ত শাকিব তাদের প্রতিবেশী ও আত্মীয় সম্পর্কিত। তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় সুযোগ নিয়ে সে এ ঘটনা ঘটিয়েছে।
নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.