
সামরুল হক, স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর বাজার ও আশপাশের এলাকায় কয়েকটি পাগলা কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে বাজারসংলগ্ন এলাকায় ঘোরাফেরা করা ৪ থেকে ৫টি উন্মত্ত কুকুর ছোট ছোট শিশু, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, নারী-পুরুষ এবং গবাদি পশুর ওপর আক্রমণ চালিয়ে একাধিক মানুষকে কামড়ে আহত করছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ, পথচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসাকারী শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে চলাচল করছে। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের অভিভাবকরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসী জানান, পাগলা কুকুরগুলো হঠাৎ করেই মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে এবং কাউকে দেখলেই তাড়া করছে। ইতোমধ্যে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গবাদি পশুও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে কামালপুর বাজারের ব্যবসায়ী, অভিভাবক ও সাধারণ জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং শিক্ষার্থীদের মাঝে বিরাজমান আতঙ্ক দূর হয়।
সহযোগিতা কামনায়:
উপজেলা প্রশাসন, বকশীগঞ্জ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.