নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র রাজিবপুর বাজারে অবস্থিত প্রায় চার দশক পুরোনো সুপার মার্কেটটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
১৯৮৫ সালে নির্মিত এই মার্কেটটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এখানে ব্যবসা পরিচালনা করছেন অর্ধ শতাধিক ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণের পর থেকে আজ পর্যন্ত মার্কেটটিতে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, ইটের খোয়া ও সিমেন্ট মিশ্রিত বালু প্রায়ই দোকানের সামনে ও ভেতরে পড়ছে। এতে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে ব্যবসায়ী ও ক্রেতাদের।
ইতোমধ্যে কয়েকজন ব্যবসায়ী ছোটখাটো দুর্ঘটনারও শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ব্যবসায়ীরা জানান, একটু বৃষ্টি হলেই মার্কেটের ছাদ চুইয়ে পানি পড়ে দোকানের ভেতরে। এতে ঔষধ,কাপড়, মুদি পণ্য, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যায়। বর্ষা মৌসুম এলেই তাদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাদের।
হাট-বাজার ইজারাদার শফিউর রহমান শফি বলেন,
“এই মার্কেটটির অবস্থা খুবই ভয়াবহ। আমি ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এখানে যারা ব্যবসা করছেন, তারা সবাই জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন।”
তিনি আরও বলেন,
“মার্কেটটি যদি সংস্কার করা হয় অথবা নতুনভাবে দোতলা ভবন নির্মাণ করা হয়, তাহলে শুধু ব্যবসায়ীদের নিরাপত্তাই নিশ্চিত হবে না, বরং নতুন করে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
মার্কেটের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা প্রতি মাসে নিয়মিত ভাড়া দিয়ে আসছি। কিন্তু আমাদের নিরাপত্তার বিষয়ে কেউ চিন্তা করে না। ছাদ থেকে কখন কী পড়ে, সেই আতঙ্কে থাকতে হয়। বৃষ্টি হলে দোকানের মালামাল রক্ষা করাও কঠিন হয়ে পড়ে।”
আরেক ব্যবসায়ী বলেন,
“আমাদের পরিবার এই ব্যবসার উপর নির্ভরশীল। কিন্তু প্রতিদিন মনে হয়, এই বুঝি কোনো বড় দুর্ঘটনা ঘটে গেল। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত মার্কেটটির অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ব্যবসায়ীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে রাজিবপুর সুপার মার্কেট সংস্কার অথবা আধুনিকায়নের ব্যবস্থা গ্রহণ করে তাদের জীবনের ঝুঁকি থেকে রক্ষা করতে হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.