নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা সদর হাসপাতাল গেইটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
“মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা চিকিৎসকদের কাছে বিভিন্ন ঔষধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও নতুন তথ্য উপস্থাপনের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়তা করেন। কিন্তু সম্প্রতি তাদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক আচরণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত অভিযানে বহু মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন গণমাধ্যমে তাদের ‘দালাল’ হিসেবে উপস্থাপন করা হয়। এতে এ পেশার সঙ্গে জড়িত হাজারো উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীর সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) রাজিবপুর শাখার সভাপতি মো. জয়েন উদ্দীন। তিনি বলেন,
“মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়। আমরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। তাই আমাদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।”
এসময় ফারিয়া রাজিবপুর শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন,
“মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যদি মাত্র ১৫ দিন কাজ বন্ধ রাখে, তাহলে দেশের ঔষধ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও অযৌক্তিক হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং তাদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত এ পেশাজীবীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশের চিকিৎসা ও ঔষধ সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.