ষ্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ জেলা শহরে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট ঝুঁকি কমাতে বিশেষ রাত্রীকালীন অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে গভীর রাত পর্যন্ত কিশোর ও তরুণদের আড্ডা বাড়তে থাকায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
পুলিশ জানায়, শহরের লেকপাড়, পার্ক, নির্জন সড়ক ও অলিগলিতে শিক্ষার্থী ও তরুণদের রাতভর অবস্থান অনেক ক্ষেত্রে মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে স্কুল ও কলেজপড়ুয়া কিশোরদের মধ্যে বিষয়টি বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে গতকাল রাত ৯টার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়। টহলের সময় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলেও পড়াশোনা, চিকিৎসা বা জরুরি কাজে বাইরে থাকা কাউকে হয়রানি করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় আটক শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়। তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকার মাধ্যমে সতর্ক করা হয় এবং সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়। পরে রাত ১২টার দিকে সবাইকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অনেক অভিভাবক পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন।
অভিযান চলাকালে পুলিশ সুপার শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, কিশোর বয়সে সঠিক দিকনির্দেশনা না থাকলে তরুণরা সহজেই বিপথে যেতে পারে।
তাই পরিবারকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, এই কার্যক্রম শাস্তিমূলক নয়, বরং সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের অংশ।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া। তাঁর তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে টহল ও নজরদারি জোরদার করে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কিশোরদের নিরাপদ ও সুশৃঙ্খল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
আরও পড়ুন দিনাজপুরের ফুলবাড়ীতে কোরআন শরীফ অবমাননাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.