
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা, বুধবার ১ এপ্রিল ২০২৬: ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত নবীন বাংলাদেশের একটি ফ্যাক্টরি চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগের মুখে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর চাঁদাবাজির কারণে নিরাপত্তাহীনতায় পড়ে শেষ পর্যন্ত প্রায় ৯০ জন কর্মচারীর জীবন রক্ষার্থে ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত প্রায় আড়াই বছর ধরে ফ্যাক্টরিটি কেরানীগঞ্জ এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগ অনুযায়ী, এর আগে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে নিয়মিত চাঁদা দিয়ে প্রতিষ্ঠানটি চালু রাখা হয়। পরবর্তীতে ৫ আগস্টের পর বিএনপি-সমর্থিত কিছু ব্যক্তিকেও চাঁদা দিয়ে কার্যক্রম চালিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
তবে সম্প্রতি স্থানীয় ছাত্রদলের কিছু নেতাকর্মী মাসিক তিন লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওই অর্থ দিতে অস্বীকৃতি জানালে কর্মচারীদের হত্যার হুমকি দেওয়া হয় এবং ফ্যাক্টরি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ফ্যাক্টরির সুপারভাইজার শাহআলমকে তুলে নিয়ে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীনের বিদেশ যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর গত ২৫ মার্চ সকাল ৯টার দিকে স্থানীয় কিছু লোক ফ্যাক্টরিতে ঢুকে লুটপাটের চেষ্টা করে বলে জানানো হয়েছে। তবে সে সময় সেখানে উপস্থিত চীনা প্রকৌশলীরা ভিডিও ধারণ করায় অভিযুক্তরা সরে যেতে বাধ্য হয়।
গত কয়েকদিন ধরে পুলিশি সহায়তা পাওয়া গেলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতির মধ্যেও চাঁদাবাজরা কয়েকবার ফ্যাক্টরিতে হামলার চেষ্টা চালায়। সর্বশেষ কেরানীগঞ্জ মডেল থানায় গিয়েও বিষয়টির স্থায়ী সমাধান না পাওয়ায় কর্তৃপক্ষ ফ্যাক্টরি বন্ধের সিদ্ধান্ত নেয়।
এদিকে গত ২৮ মার্চ কেরানীগঞ্জের নবীন বাংলাদেশের ট্রেনিং সেন্টারে যোগ দেওয়া নতুন ৭৬ জন কর্মী নিরাপত্তাহীনতার কারণে পুলিশের সহায়তায় নবীন ফ্যাশনের চকবাজার কারখানায় স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, চীনে কর্মী পাঠানোর লক্ষ্যে চীনা প্রকৌশলীদের মাধ্যমে প্রায় তিন বছর ধরে এই ট্রেনিং সেন্টার ও ফ্যাক্টরির কার্যক্রম চলছিল। কিন্তু চাঁদাবাজদের অব্যাহত চাপ ও প্রাণনাশের আশঙ্কার কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন রান্নার সিলিন্ডারের গ্যাসে মোটরসাইকেল চালিয়ে সাড়া ফেলেছেন নড়াইলের যুবক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.