কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যবসায়ীকে দিনদুপুরে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে নির্মমভাবে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় আহত ব্যবসায়ী বাবুল মিয়ার বাবা ও স্থানীয় ইউপি সদস্য মোঃ হাদিছ মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, পূর্বের একটি মামলার প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ মডেল থানাধীন কাটাবাড়ীয়া পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বাবুল মিয়া দীর্ঘদিন ধরে “নিঝুম রেস্তোরা” নামে একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা পরিচালনার সূত্র ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এর আগে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা একটি মামলায় প্রধান অভিযুক্ত মোঃ হাকিম বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে, ওই মামলাটি তুলে নেওয়ার জন্য হাকিমের স্বজন ও সহযোগীরা দীর্ঘদিন ধরে বাবুল মিয়াকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি সংঘবদ্ধভাবে বাবুল মিয়ার রেস্তোরাঁয় প্রবেশ করে। তারা জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় এবং কাটাবাড়ীয়া মোড়ের একটি পরিত্যক্ত রাইস মিলের ভেতরে নিয়ে আটকে রাখে। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়।
হামলাকারীরা ধারালো রামদা, লোহার রড, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে তার ওপর নৃশংস হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করলে তার দুই হাত ও দুই পা মারাত্মকভাবে জখম করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। নির্মম মারধরের একপর্যায়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগে বলা হয়, এরপর হামলাকারীরা মামলা তুলে না নিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন।
আহতের পরিবার অভিযোগ করেছে, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।শৈলকুপায় তেল সংকটে ভোগান্তি, ইটভাটায় ৮০০ লিটার! ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.