
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ডিজেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিহত নাহিদ সরদার (৩৩) কালিয়া উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি নড়াইল-যশোর মহাসড়ক সংলগ্ন ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে’ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ওই পাম্পে ডিজেল নিতে আসেন। নড়াইলে চলমান তেল সংকটের কারণে পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে চালক ও সহযোগীর সঙ্গে নাহিদের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ও তার সহযোগী নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
রাত ২টার দিকে ডিউটি শেষ করে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা (২৭) মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যাকে নড়াইল জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা ট্রাকসহ আত্মগোপনে চলে যায়। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এর একটি চৌকস দল আজ যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক সুজাত মোল্যাকে আটক করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা গেছে, এই গ্রেপ্তার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ে আজ রোববার সন্ধ্যা ৬টায় র্যাব-৬ এর যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।
আরও পড়ুন ভোরের সড়কে রক্তাক্ত বিরামপুর: হেরিটেজ বাসের ধাক্কায় নিহত ২, আহত একাধিক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.