
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের খানসামা উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুর ইসলাম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেজো ভাই জনি ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আমিনুর ইসলাম ও আহত জনি ইসলাম উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুবর্ণখুলী গ্রামের বাসিন্দা। তারা রফিকুল ইসলাম (বাচ্চা বাউ কসাই) এর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (১১ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে খানসামা থানা এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে টঙ্গুয়া বাজারের পশ্চিম পাশে ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুই ভাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুর ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত জনি ইসলামকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সুবর্ণখুলী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বাসেত সরদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.