নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধ করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের রাজিবপুরে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজিবপুর উপজেলার চর রাজিবপুর আলিম মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামিম।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী ও জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা এতে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট প্রদান শুধু একটি অধিকার নয়, বরং এটি একটি নাগরিক দায়িত্ব। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “নির্বাচন ও গণভোট সফল করতে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”
জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্রের তথ্য ও ভোট প্রদানের নিয়ম সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। এবং একটি করে হ্যা ভোট দিবেন, আপনার একটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখে।”
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়রা এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রাম পর্যায়ে সরাসরি এসে প্রশাসনের কর্মকর্তারা ভোটের গুরুত্ব বোঝানোয় সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও আস্থা বেড়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.