ইমান আলী,স্টাফ রিপোর্টার ঢাকা: জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় রাজনৈতিক জোটে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা আসন সমঝোতার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে করে জোটটি কার্যত ১০ দলে সীমিত হয়ে পড়ল।
জোটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত সপ্তাহজুড়ে শরিক দলগুলোর মধ্যে দফায় দফায় বৈঠক হয়। এসব আলোচনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ন্যূনতম ৮০টি আসন নিশ্চিত না হলে জোটে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। তবে জামায়াত এত বেশি আসন ছাড় দিতে অপারগতা প্রকাশ করে, কারণ এতে অন্য শরিকদের মধ্যে অসন্তোষ ও টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
সমঝোতার উদ্যোগ হিসেবে খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক মধ্যস্থতার চেষ্টা করেন। তিনি কয়েক দফা চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ খোঁজেন। কিন্তু ইসলামী আন্দোলন তাদের দাবিতে অনড় থাকায় শেষ পর্যন্ত গভীর রাতে তিনি জামায়াত নেতাদের জানান, আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
জোটের একাধিক শরিক নেতার ভাষ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। এনসিপির যুক্ত হওয়াকে দলটি ইতিবাচকভাবে নেয়নি। পরবর্তীতে ইসলামী আন্দোলন দাবি করে, দেশের ১৪৩টি আসনে তাদের শক্ত অবস্থান রয়েছে।
শুরুতে তাদের জন্য ৪০টি আসন প্রস্তাব করা হলেও পরে তা বাড়িয়ে ৪৫টি করা হয় এবং আরও কয়েকটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়। তবে ৮০টির কম আসনে তারা কোনোভাবেই রাজি হয়নি।
এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, আজ দুপুরে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং এরপর স্থগিত থাকা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শরিক দলের নেতাদের মতে, ইসলামী আন্দোলন জোট ত্যাগ করলেও বাকি ১০টি দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসন্ন নির্বাচনে দেশের প্রায় ২৬৬টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
আরও খবর : গোপালগঞ্জ ২ আসনের নির্বাচনী অঙ্গীকার কামরুজ্জামান ভূইয়া (লুটুল)
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.