
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মুরগির খাদ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম টাকা গ্রহণ করে পণ্য না দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান বেস্ট এলিগেন্ট এগ্রো ফিড ও তাদের এক সেলস প্রতিনিধির বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরগঞ্জের ব্যবসায়ী মহলে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. ফরিদুল ইসলাম (৩৯) কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার বাসিন্দা। তিনি শহরের মোরগ মহাল এলাকায় অবস্থিত “একতা এগ্রো মেডিসিন অ্যান্ড ফিড”-এর স্বত্বাধিকারী। তিনি জানান, দীর্ঘদিন সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করলেও প্রতারণার শিকার হয়ে বর্তমানে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের বাসিন্দা রাকিবুল আলম অপু (২৬), পিতা মো. আব্দুল লতিফ, নিজেকে বেস্ট এলিগেন্ট এগ্রো ফিডের সেলস অফিসার পরিচয় দিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দ্রুত ডেলিভারির আশ্বাস দিয়ে ১ লাখ ৫০ হাজার টাকার মুরগির খাদ্য সরবরাহের প্রস্তাব দেন।
চুক্তি অনুযায়ী, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ফরিদুল ইসলাম ব্র্যাক ব্যাংকের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১,৫০,০০০ টাকা পরিশোধ করেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী পরদিন পণ্য সরবরাহ না করে অভিযুক্ত পক্ষ সময়ক্ষেপণ করতে থাকে।
পরবর্তীতে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। একপর্যায়ে একটি চেক দেওয়া হলেও ব্যাংকে উপস্থাপন করলে তা অপর্যাপ্ত অর্থের কারণে প্রত্যাখ্যাত হয়। ভুক্তভোগীর অভিযোগ, এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদান করেন।
ফরিদুল ইসলাম দাবি করেন, এটি পূর্বপরিকল্পিত প্রতারণা। টাকা ফেরত চাওয়ায় তাকে আর্থিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার ভয় দেখানো হচ্ছে, যা স্পষ্টতই ফৌজদারি অপরাধ।
আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা যেতে পারে। পাশাপাশি চেক ডিজঅনারের ঘটনায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায়ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের প্রতারণা ব্যবসার স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তারা প্রশাসনের প্রতি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন আলীকদমে বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.