ইমান আলী, স্টাফ রিপোর্টার: জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডে সারের কেলেঙ্কারি ফাঁস করে কৃষকের পাশে দাঁড়ানো কর্মকর্তা মো. আলাউদ্দিনকে অন্যত্র বদলি করায় ক্ষোভে ফুঁসছে আখচাষিরা। কৃষকদের অভিযোগ—দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাঁচাতে আলাউদ্দিনকে ষড়যন্ত্র করে সরানো হয়েছে। তার বদলি প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আখচাষিরা।
চলতি বছরের আগস্টে মিলের সহকারী আখ উন্নয়ন কর্মকর্তা (সিডিএ) সোহেল মাহমুদের বিরুদ্ধে চারটি ইউনিটের ৫২ জন কৃষকের ঋণপত্রে ওভার রাইটিং করে সার ও কীটনাশকের দুর্নীতির অভিযোগ ওঠে। ভুক্তভোগী কৃষকেরা সরাসরি মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের কাছে অভিযোগ জানালে সত্যতা প্রমাণিত হয়। পরে মিল কর্তৃপক্ষ সোহেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করে।
কৃষকদের পক্ষে সাফ কথা বলার অপরাধেই ডিজিএম (সম্প্রসারণ) মো. আলাউদ্দিনকে হঠাৎ মোবারকগঞ্জ সুগার মিলে বদলি করা হয় বলে দাবি করেছেন চাষিরা। বিষয়টি কৃষকদের মনে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছে। গত রোববার খরমা বাজারে কৃষকেরা বিক্ষোভ সমাবেশ করে আলাউদ্দিনের বদলি প্রত্যাহারের দাবি তোলেন।
আখ চাষি জহুরুল ইসলাম, নূর ইসলাম, মুছা আলী, হেলাল উদ্দিনসহ অনেকে বলেন,
“দুর্নীতির কারণে কৃষকেরা আখ চাষ বন্ধ করে দিয়েছিল। এতে মিল বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখন আলাউদ্দিনসহ কয়েকজন কৃষকবান্ধব কর্মকর্তা আমাদের আবার আখ চাষে উৎসাহিত করেন। আজ সেই আলাউদ্দিনকেই ষড়যন্ত্র করে বদলি করা হয়েছে। এটা আমরা মেনে নেব না।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বদলি প্রত্যাহার না করা হয় তবে আগামী দিনে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
ডিজিএম (সম্প্রসারণ) মো. আলাউদ্দিন বলেন,“অফিসের নির্দেশে আমাকে মোবারকগঞ্জ মিলে বদলি করা হয়েছে। তবে জিল বাংলা সুগার মিলের কৃষকরা আমাকে ফের চান—এটাই আমার কর্মজীবনের স্বার্থকতা।”
এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন
“তার বদলির বিষয়ে এই মিল থেকে কোনো নোট পাঠানো হয়নি। হয়তো মৌখিকভাবে বদলি চেয়েছিলেন, সে কারণেই কর্পোরেশন তাকে অন্যত্র দিয়েছে।”
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.