মো:জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মো. রাফি (২২) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সাড়ে রাত ১১ টায় সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের পাশে ধলাগাছ সুখীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত রাফি শহরের কয়ানিজ পাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে।
মাছ ধরা নিয়ে বিরোধের জেরে করা মামলা তুলে না নেয়ায় বিবাদীরা তাঁকে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে মামলার প্রেক্ষিতে পুলিশ মুক্তারুল হোসেন ওরফে সোনা (৩৫) নামে একজনকে রাতেই আটক করেছে। সে সূখীপাড়ার মৃত আজিবর রহমান ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাফির বাবা আব্দুল হাফিজ জানান, এক মাস আগে মাছ ধরার নিয়ে ঝগড়া বিবাদ হয় মুক্তারুল হোসেন ওরফে সোনা (৩৫) এর সাথে। এরপর সোনার নেতৃত্বে সূখীপাড়ার লোকজন আমাদের বাড়িতে এসে হামলা চালায় এবং আমাকে ও ছেলে রাফিকে মারধর ও লুটপাট করে। এঘটনায় আমরা কয়েকজনকে আসামী করে মামলা করি।
এই মামলা তুলে নেয়ার জন্য বেশ কিছু দিন থেকে আসামীরা নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি মেরে লাশ গুম করে ফেলবে বলেও প্রকাশ্যে ভয়ভীতি দেখায়। কিন্তু আমরা আইনের বিচার দাবী করেছি। তাই কোন হুমকি ধামকিতে মামলা তুলিনি। এতে তারা ক্ষিপ্ত হয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে।
তিনি বলেন, রাফি গতকাল সন্ধা ৭ টায় বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাচ্ছিলাম না। রাত ১ টার দিকে জানতে পারি একটা লাশ উদ্ধার হয়েছে এবং থানায় আছে। সেখানে গিয়ে দেখি লাশটা আমার রাফির। চরম নৃশংসভাবে ইট বা লোহা দিয়ে আঘাত করে থেতলে দেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। আমি এই হত্যার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, খবর পেয়েই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য আজ সকালে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত রাফির বাবা আব্দুল হাফিজ বাদি হয়ে মামলা করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামি মুক্তারুল হোসেন ওরফে সোনা কে রাতেই গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.